শনিবার ২৮ নভেম্বর ২০২৬ - ১৪:৫০
নৈতিক শিক্ষার পাঠ | দুটি বদভ্যাস, যা মানুষকে সত্যের পথে অবিচল থাকতে বাধা দেয়

যুবক বয়সে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো ধৈর্য ও সহনশীলতা। ধৈর্য থাকলে মানুষ নিজের সামর্থ্য ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। কিন্তু অধৈর্যতা মানুষকে সত্যের পথে অবিচল থাকতে বাধা দেয় এবং অলসতা মানুষকে নিজের দায়িত্ব ও প্রাপ্য অধিকার আদায় থেকে বিরত রাখে। তাই ধৈর্য ও কর্মোদ্যমের গুরুত্ব অপরিসীম।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন, দুটি স্বভাব থেকে সাবধান থাকো-অধৈর্যতা ও অলসতা। মানুষ অধৈর্য হলে সত্যের পথে ধৈর্য ধারণ করতে পারে না। আর অলস হলে নিজের ওপর অর্পিত অধিকার ও দায়িত্ব পালন করে না। এই দুটি স্বভাব মানুষকে ইসলামে সৎকর্ম সম্পাদন থেকে বিরত রাখে।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের শহীদ নেতা শহীদ ইমাম খামেনেয়ী (রহ.) এই হাদিসের ব্যাখ্যায় বিষয়টির গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর বক্তব্যের অনুবাদ ও ভিডিও পাঠকদের উদ্দেশে উপস্থাপন করা হলো।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা হজরত মুহাম্মাদ (সা.) এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর; বিশেষ করে পৃথিবীতে অবশিষ্ট আল্লাহর হুজ্জত ইমাম মাহদি (আ. )-এর ওপর। আর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক তাঁদের সকল শত্রুর ওপর।

আব্দুল্লাহ ইবনে সিনান একটি হাদিসে বর্ণনা করেন, তিনি বলেন, আবু আব্দুল্লাহ (ইমাম জাফর সাদিক আ.) বলেছেন:

«وَ إِیّاکَ وَ خَصلَتَینِ»

দুটি স্বভাব থেকে সাবধান থেকো।

«الضَّجَرَ وَ الکَسَلَ»

অধৈর্যতা ও অলসতা।

‘জাজর’ (ضجر) শব্দের অর্থ হলো বিরক্ত হয়ে যাওয়া, মনঃক্ষুণ্ন হওয়া, ক্লান্তিবোধ করা এবং ধৈর্য হারিয়ে ফেলা। কখনো মানুষ কোনো পরিস্থিতি, কোনো ঘটনা, নিজের শারীরিক অবস্থা কিংবা তার ওপর অর্পিত কোনো কাজের কারণে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়ে। তখন তার মধ্যে একধরনের অস্থিরতা ও অধৈর্যতা তৈরি হয়। ইমাম (আ.) সতর্ক করে বলেছেন, সাবধান! তুমি যেন এই বিরক্তি, একঘেয়েমি ও অধৈর্যতার শিকার না হও। অর্থাৎ, ধৈর্যহীন হয়ে পড়ো না।

আর ‘কাসাল’ (کسل) অর্থ অলসতা। কোনো কাজ করার দায়িত্ব থাকা সত্ত্বেও অলসতার কারণে তা পিছিয়ে দেওয়া কিংবা কাজটি সম্পন্ন না করাই হলো অলসতা। যেমন, কারও পড়াশোনা করার প্রয়োজন, কোনো কাজ রয়েছে, কোনো দায়িত্ব পালন করতে হবে কিংবা কোনো বিষয় অনুসরণ করে এগিয়ে নিতে হবে; কিন্তু সে অলসতার কারণে তা করে না। ইমাম (আ.) বলেছেন, এই দুটি স্বভাব থেকে নিজেকে রক্ষা করো।

যুবকদের জন্য ধৈর্য আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত

অধৈর্যতা সম্পর্কে আমরা বিশেষভাবে যুবকদের বলতে চাই, যুবক বয়সে মানুষের জন্য আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো ধৈর্য ও সহনশীলতা।

আমরা যারা বার্ধক্যের পথে প্রবেশ করেছি এবং জীবনের এই পর্যায়ে অনেকটা এগিয়ে এসেছি, তারা এই নিয়ামতের গুরুত্ব খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। কিন্তু যুবকরা অনেক সময় এই মহান নিয়ামতের প্রতি যথাযথ মনোযোগ দেয় না। সেই নিয়ামতটি হলো ধৈর্য ও সহনশীলতা।

মানুষের মধ্যে ধৈর্য থাকলে সে নিজের বিভিন্ন শক্তি ও সামর্থ্যকে কাজে লাগাতে পারে।

উদাহরণস্বরূপ, আপনি কোনো বিষয় নিয়ে গবেষণা করতে চান, কোনো বৈজ্ঞানিক সমস্যা অনুসন্ধান করতে চান। এ ক্ষেত্রে একজন মানুষের মধ্যে ধৈর্য থাকতে পারে, আবার অধৈর্যতাও থাকতে পারে।

যার ধৈর্য নেই, সে কিছুদূর এগিয়ে যাওয়ার পরই গবেষণা ছেড়ে দেয়। কিন্তু ধৈর্যশীল ব্যক্তি একের পর এক অনুসন্ধান চালিয়ে যায়। সে গবেষণা অব্যাহত রাখে, বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে, নিজের সামনে নতুন নতুন আপত্তি ও সমস্যা দেখতে পায় এবং সেগুলোর সমাধান খুঁজে বের করে। একটি সমস্যার সমাধান করার পর আবার অন্য কোনো সমস্যা সামনে আসে। তখন সে নতুন পথ ও পদ্ধতি অনুসন্ধান করে।

এটাই হলো ধৈর্য। এর মাধ্যমে মানুষ নিজের চিন্তাশক্তি ও মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে।

শারীরিক শক্তির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। অনেক সময় মানুষ শুধু অধৈর্যতার কারণে নিজের শারীরিক সামর্থ্য কাজে লাগায় না। তাই ধৈর্যের গুরুত্ব অপরিসীম।

ইমাম (আ.) যে ‘দাজর’ শব্দটি ব্যবহার করেছেন, তার মধ্যে অধৈর্যতা, বিরক্তি, একঘেয়েমি ও কাজে অনীহা-সবকিছুই অন্তর্ভুক্ত। প্রকৃতপক্ষে এগুলো একই মানসিক অবস্থার বিভিন্ন দিক।

অলসতা মানুষকে দায়িত্ব পালন থেকে বিরত রাখে

অলসতার বিষয়টিও একই রকম।

উদাহরণস্বরূপ, সকালে নামাজ আদায়ের পর কেউ আবার ঘুমিয়ে পড়ল। অথচ তার গুরুত্বপূর্ণ কোনো কাজ রয়েছে। কিন্তু অলসতার কারণে সে বিছানা থেকে উঠছে না।

কেউ স্ত্রী-সন্তানদের পাশে বসে আছে, কিন্তু অলসতার কারণে কোনো কাজ করছে না। আবার কেউ কোনো বৈঠকে বসে আছে, সেখানেও অলসতা করছে। কোনো কাজে এগিয়ে যাচ্ছে না, কোনো উদ্যোগ নিচ্ছে না, এমনকি প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করছে না।

অর্থাৎ, এই দুটি স্বভাব মানুষকে কর্মতৎপরতা থেকে বিরত রাখে। অথচ ইসলামে আমল বা কর্মের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে নেক আমল ঈমানের সমতুল্য গুরুত্বপূর্ণ বিষয়।

আপনারা পবিত্র কোরআনে লক্ষ্য করবেন, ঈমানের পাশাপাশি নেক আমলের কথাও বারবার উল্লেখ করা হয়েছে। নেক আমল বলতে কাজ, কর্মতৎপরতা, প্রচেষ্টা ও সক্রিয়তাকে বোঝায়।

কিন্তু মানুষের মধ্যে যদি অধৈর্যতা কিংবা অলসতা থাকে, তাহলে সে নেক আমল সম্পাদন করতে পারে না।

এরপর ইমাম (আ.) বলেছেন:

«فَإِنَّکَ إِنْ ضَجِرْتَ لَمْ تَصْبِرْ عَلَی حَقٍّ»

কারণ, তুমি যদি অধৈর্য হয়ে পড়ো, তাহলে সত্যের ওপর অবিচল থাকতে পারবে না।

এখানে ইমাম (আ.) মূল বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা এখন বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, কিন্তু ইমাম (আ.) সরাসরি এর মূল ও গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরেছেন।

তিনি বলেছেন, তুমি যদি ‘দাজর’ অর্থাৎ অধৈর্যতার শিকার হও, তাহলে সত্যের পথে ধৈর্য ধারণ করতে পারবে না।

ধরুন, আপনি একটি সত্যের পথ বেছে নিয়েছেন। একটি সত্য কথা গ্রহণ করেছেন কিংবা একটি সত্যনিষ্ঠ আদর্শ ও পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু যখন আপনি অধৈর্য হয়ে পড়বেন, তখন সেই পথে অবিচল থাকতে পারবেন না।

কিছুটা কষ্ট হবে, নানা সমস্যা দেখা দেবে, পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। তখন আপনি অধৈর্য হয়ে পড়বেন এবং শেষ পর্যন্ত সেই পথ ছেড়ে দেবেন।

অধৈর্যতার সবচেয়ে বড় ক্ষতি হলো, মানুষ যে সত্যের ওপর অবিচল থাকার, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করার এবং সত্যকে আঁকড়ে ধরে রাখার কথা, তা থেকে বঞ্চিত হয়।

মানুষ যখন বিরক্তি, একঘেয়েমি ও অধৈর্যতার শিকার হয়, তখন সে আর সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিতে পারে না।

অলসতা মানুষকে তার দায়িত্ব ও অধিকার আদায় থেকে বিরত রাখে

ইমাম (আ.) আরও বলেছেন:

«فَإِنَّکَ إِنْ ضَجِرْتَ لَمْ تَصْبِرْ عَلَی حَقٍّ وَ إِنْ کَسِلْتَ لَمْ تُؤَدِّ حَقّاً»

কারণ, তুমি যদি অধৈর্য হও, তাহলে সত্যের ওপর ধৈর্য ধারণ করতে পারবে না। আর যদি অলস হও, তাহলে কোনো অধিকার আদায় করতে পারবে না।

মানুষ যখন ‘কাসাল’ অর্থাৎ অলসতার শিকার হয়, তখন সে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করে না। যে কাজটি তার করা উচিত, যে অধিকারটি তার আদায় করা প্রয়োজন, অলসতার কারণে সে তা সম্পন্ন করে না।

অর্থাৎ, কর্মবিমুখতা ও অলসতার কারণে মানুষ তার ওপর অর্পিত দায়িত্ব পালন থেকে বিরত থাকে।

এ কারণেই বিভিন্ন দোয়ায় আমরা দেখতে পাই, মানুষ মহান আল্লাহর কাছে অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছে।

যেমন, দোয়ায় বলা হয়েছে:

«اللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ»

হে আল্লাহ! আমি আপনার কাছে অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।

বিভিন্ন দোয়ায় এ বিষয়টি এসেছে। কোনো দোয়ায় বলা হয়েছে, ‘অলসতা ও অধৈর্যতা’ থেকে আশ্রয় চাই। আবার কোনো দোয়ায় বলা হয়েছে, ‘অলসতা ও বার্ধক্য’ থেকে আশ্রয় চাই।

এখানে ‘হারাম’ (هَرَم) অর্থ বার্ধক্য। তবে এ ক্ষেত্রে শুধু বয়সের বার্ধক্য বোঝানো হয়নি; বরং আত্মিক ও মানসিক বার্ধক্যকেও বোঝানো হয়েছে।

কখনো দেখা যায়, একজন মানুষের বয়স কম, কিন্তু তার আত্মা ও মন বার্ধক্যে আক্রান্ত। আবার এর বিপরীতও হতে পারে। কারও বয়স অনেক বেশি, কিন্তু তার মন ও আত্মা তরুণ, প্রাণবন্ত এবং উদ্যমে পরিপূর্ণ।

তাই মানুষ দোয়ায় মহান আল্লাহর কাছে অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করে। কখনো অলসতার সঙ্গে অধৈর্যতা থেকে, আবার কখনো অলসতার সঙ্গে আত্মিক বার্ধক্য থেকেও আশ্রয় চায়।

তথ্যসূত্র

১. আল-আমালি, শায়খ সাদুক, পৃষ্ঠা ৬৩৬।

আব্দুল্লাহ ইবনে সিনান থেকে বর্ণিত, তিনি বলেন, আবু আব্দুল্লাহ ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন:

«وَ إِیَّاکَ وَ خَصْلَتَیْنِ الضَّجَرَ وَ الْکَسَلَ فَإِنَّکَ إِنْ ضَجِرْتَ لَمْ تَصْبِرْ عَلَی حَقٍّ وَ إِنْ کَسِلْتَ لَمْ تُؤَدِّ حَقّاً»

অর্থ: দুটি স্বভাব থেকে সাবধান থেকো-অধৈর্যতা ও অলসতা। কারণ, তুমি যদি অধৈর্য হয়ে পড়ো, তাহলে সত্যের ওপর ধৈর্য ধারণ করতে পারবে না। আর যদি অলস হও, তাহলে কোনো অধিকার আদায় করতে পারবে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha